প্রিন্ট এর তারিখঃ Mar 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 23, 2026 ইং
শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন: অপরাধীরা ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিলেন এমপি মনজুর এলাহী
আবুনাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আবু ছাঈদ মোগল (৭৫) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের দুই পায়ের রগ দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বিচ্ছিন্ন করে দিয়েছে ভূমিদস্যু ও সন্ত্রাসী প্রতিপক্ষ। গত বৃহস্পতিবার সকালে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মোল্লাকান্দা গ্রামে এ বর্বরোচিত ঘটনা ঘটে। আহত আবু ছাঈদ মোগল ওই গ্রামের জামাল উদ্দিন মোগলের ছেলে এবং শাষপুর কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। আহত শিক্ষকের মেয়ে রোকেয়া লিপি জানান, প্রতিবেশী স্বপন মোগল ও তার ভাই কিরন মোগলদের সঙ্গে তাদের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বৃহস্পতিবার জমিতে কাজ করতে গেলে তাকে মারধর করা হয় এবং তার বাবা এগিয়ে এলে স্বপন ও তার ভাই মিলে দা দিয়ে কুপিয়ে তার বাবার দুই পা প্রায় বিচ্ছিন্ন করে ফেলে।
এদিকে, শুক্রবার রাতে ওই শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন—এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রতিপক্ষ স্বপন মোগল ও কিরন মোগলের বাড়িঘর ভাঙচুর করে অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই সহিংস ঘটনা ঘটেছে। এ ঘটনায় গত ২০ ফেব্রুয়ারি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১২)। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) শিবপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর সাথে কথা বলেন এবং অপরাধীদের কঠোর শাস্তির আশ্বাস দেন। জনসভার উদ্দেশ্যে তিনি বলেন, “শিবপুর হবে একটি শান্ত ও বসবাসযোগ্য এলাকা। এখানে সন্ত্রাস ও মাদকের কোনো স্থান হবে না। এই ঘটনায় জড়িত কোনো অপরাধী ছাড় পাবে না; অপরাধী যদি আমার নিজের ভাইও হয়, তবে তাকেও আইনের আওতায় আনা হবে। আমি সরজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি এবং ইনশাল্লাহ দোষীদের বিচার নিশ্চিত করা হবে।” সংসদ সদস্যের এই বক্তব্যের পর এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত